এবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ৫৭ সদস্যের একটি বৃহৎ দল নিয়ে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি এই ভ্রমণ শুরু করেন নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর। তাঁর মূল কর্মসূচি ছিল ৪ দিন পর, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর। ওই দিন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে সকাল ১০টায় একটি বক্তৃতা দেন।
তবে মাঝের ৪ দিন তিনি বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁদের সমর্থন ও সহযোগিতা আদায়ের চেষ্টা করেছেন। ওয়াকিবহাল মহলের তথ্যমতে, ভূরাজনৈতিক বিচারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলো হচ্ছে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
সুতরাং রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, এসব দেশের নেতাদের সঙ্গে ইউনূসের বৈঠক হয় কি না এবং তার ফলাফল কী হলো তা পর্যবেক্ষণ করা। সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যায়, তাঁর সঙ্গে আমেরিকায় অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো সাক্ষাৎ হয়নি। কারণ, মোদি ২৪ সেপ্টেম্বর আমেরিকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছিলেন।
এটি একটি কাকতালীয় ঘটনা, নাকি ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া—এ নিয়ে নানা জল্পনা–কল্পনা বিদ্যমান। তবে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা অম্লমধুর জায়গায় গেছে। যদিও সম্প্রতি বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের ভাষ্য অনুযায়ী, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের শীতলতা ক্রমহ্রাসমান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এক দিন পরেই, অর্থাৎ ২৪ তারিখ সকাল ১১টায় (নিউইয়র্ক সময়) ড. ইউনূস যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। পরবর্তী সময়ে মার্কিন প্রতিনিধি বিল ক্লিনটন ছাড়াও নেপাল, পাকিস্তান, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধানদের সঙ্গে পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

0 মন্তব্যসমূহ